টানা ২৮ দিন বন্ধ থাকার পর বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় স্রোতের তীব্রতার কারণে প্রথম ধাপে ১৮ আগস্ট ও দ্বিতীয় ধাপে ১১ অক্টোবর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার (৮ নভেম্বর) দুপুরে তৃতীয় দফা ট্রায়াল শেষে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে হালকা যানবাহন নিয়ে সীমিত সংখ্যক ফেরি শুধুমাত্র দিনের বেলা চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, সোমবার সকালে ট্রায়ালের অংশ হিসেবে শিমুলিয়া থেকে একটি কে টাইপ ফেরি বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী) ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুরের দিকে ওই ফেরিটি শিমুলিয়া ঘাটে সফলভাবে নোঙর করে।
আরও জানা যায়, নৌরুট স্বাভাবিক থাকায় এরপর থেকে ফেরি চলাচল শুরু করে। তবে সীমিত সংখ্যক ফেরি ছোট যানবাহন নিয়ে শুধুমাত্র দিনের বেলায় চলাচল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। জানা যায়, সোমবার মাঝারি দুটি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে আরও দুই-তিনটি ফেরি বাড়ানো হতে পারে।
ফেরি চালুর খবর পেয়ে বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী) ফেরি ঘাটে ছোট যানবাহন আসতে শুরু করেছে। দুপুর থেকে ফেরিতে ছোট যানবাহনের পাশাপাশি যাত্রীরাও পার হচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন স্থগিত থাকার পর ঘাট এলাকায় ফিরে আসতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য।
বিআইডব্লিউটি এর মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, নৌরুট স্বাভাবিক থাকায় ফেরি চালু হয়েছে। আপাতত দিনের বেলা সীমিত সংখ্যক ফেরি চলবে। তবে ফেরিতে বাস-ট্রাক পার করা হবে না।